Ticker

6/recent/ticker-posts

জুলাই আন্দোলন নিয়ে নিলোফার মনির বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রদল, ঘৃণাভরে প্রত্যাখান

The Daily Alokbarta

ঢাকা: জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং আন্দোলনকারীদের ভূমিকা নিয়ে করা এক মন্তব্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির ওই বক্তব্যকে 'অযাচিত' আখ্যা দিয়ে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

​একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে


নিলোফার চৌধুরী মনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করেন। সেখানে আন্দোলনের নেতৃত্ব এবং হতাহতের প্রেক্ষাপট নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, এই আন্দোলনে কারা প্রধান ছিল তা কেউ জানে না এবং এটি কোনো 'ডিজাইন' ছিল কি না তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

​নিলোফার চৌধুরী মনির এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, "আপা আপনার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।"

​বক্তব্যটিকে অনভিপ্রেত উল্লেখ করে ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব থেকে জানানো হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ন করে এমন কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। ছাত্রদল সভাপতি নিলোফার চৌধুরী মনিকে উদ্দেশ্য করে আরও বলেন, জুলাইয়ের চেতনা ধারণকারী একজন রাজনীতিবিদ হিসেবে গণঅভ্যুত্থান ও শহীদদের প্রতি বক্তব্যে তাঁর আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করা উচিত ছিল।

​এদিকে তীব্র সমালোচনার মুখে নিলোফার চৌধুরী মনি পরবর্তী সময়ে নিজের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যকে সম্পূর্ণভাবে উপস্থাপন না করে 'কাটছাঁট করে' গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তিনি আন্দোলনকে খাটো করতে চাননি, বরং আন্দোলনকারীদের ওপর চালানো নির্মমতার নেপথ্যের কোনো ষড়যন্ত্র বা নকশার দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে তাঁর মূল বক্তব্যকে এরই মধ্যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ