পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলী গ্রামের সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের একটি মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত এবং জাগীর এলাকায় তার নানার বাড়িতে থাকত। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ছুটি নেওয়ার পর রাত থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে ধলেশ্বরী সেতুর পাশের মাঠে অবস্থিত শহীদ মিনারের মূল স্তম্ভের সঙ্গে তার লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা।
মানিকগঞ্জ সদর থানার কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও পারিবারিক তদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

0 মন্তব্যসমূহ