Ticker

6/recent/ticker-posts

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ


 রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল (অব.) অলি আহমদকে নিজেদের একক প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।  

​আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতাদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কর্নেল অলির নাম ঘোষণা করেন।

​সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, "সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই ১১ দলীয় ঐক্য বজায় রয়েছে। একটি অবাধ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। জোটের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।"

​মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, "আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছি। জনগণের আস্থা ও মর্যাদা রক্ষায় আমি আমৃত্যু কাজ করে যাব। জাতির সাথে কোনো বিশ্বাসঘাতকতা করব না।"

​এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, "দেশের বর্তমান প্রেক্ষাপটে একজন যোগ্য, পরীক্ষিত ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বকে রাষ্ট্রপ্রধানের মর্যাদাপূর্ণ পদের জন্য বেছে নেওয়া হয়েছে।"  

​বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, জাগপার সভাপতি রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ