নিজস্ব প্রতিবেদক | ঢাকা
৪ জুলাই, ২০২৬
জুলাই অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি বছরেই দেশে ফেরার ঘোষণার তীব্র সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শেখ হাসিনার এই ঘোষণাকে তিনি ‘আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ যদি আত্মসমালোচনা না করে, তবে অদূর ভবিষ্যতে তাদের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।
শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় এসব মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের এক সময়ের এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, "একজন মানুষের ইগো বা অহঙ্কার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।"
শেখ হাসিনার শাসন আমল এবং তার দেশ ছাড়ার প্রসঙ্গ টেনে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, আওয়ামী লীগকে ধ্বংস করে, ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি ও লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের রাজনীতি চরম সংকটের মুখে পড়েছে। সম্প্রতি তার দেশে ফেরার বার্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা-সমালোচনা চলছে, ঠিক তখনই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজের এই কঠোর বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টের শেষাংশে সোহেল তাজ স্পষ্ট করে উল্লেখ করেন যে, নিজেদের অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ যদি অনতিবিলম্বে সঠিক আত্মসমালোচনা এবং অনুশোচনা না করে, তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলটির ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়বে।

0 মন্তব্যসমূহ