অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) রাজনৈতিকভাবে ‘মাইনাস’ করার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি দাবি করেছেন, নির্বাচন ঝুলিয়ে রেখে ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করা এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে অন্যান্য রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় বসানোর একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন তৎকালীন প্রধান উপদেষ্টা।
সামপ্রতিক এক বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, “ড. ইউনূস বিএনপিকে মাইনাসের ফর্মুলায় রাখতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, নির্বাচন না দিয়ে আরও বেশি সময় ক্ষমতায় থাকতে পারবেন। তাঁর পরিকল্পনা ছিল বিএনপিকে শেষ করে জামায়াত ও এনসিপিকে ক্ষমতায় আনা।”
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত প্রত্যাবর্তনের পরিবর্তে নির্বাচন বিলম্বিত করার কৌশলে গুরুত্ব দেওয়া হয়েছিল, যার পেছনে বিশেষ রাজনৈতিক সমীকরণ কাজ করছিল।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা ও সমালোচনা চলে আসছিল। সেই প্রেক্ষাপটেই এই বিস্ফোরক মন্তব্য করলেন রাশেদ খান।

0 মন্তব্যসমূহ