স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের মিশন শুরুর আগেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা ও পোস্টার বয় নেইমার জুনিয়রকে ছাড়াই প্রথম ম্যাচে মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।
ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, ফিটনেসের সমস্যায় ভুগতে থাকা নেইমারকে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে নেইমারের চোটের আপডেট জানিয়ে আনচেলত্তি বলেন:
"নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।"
কোচের এমন মন্তব্যের পর এটি স্পষ্ট যে, মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। মে মাসের মাঝামাঝি সময়ে ডান পায়ের কাফ মাসলের (পায়ের পেছনের পেশি) চোটে পড়ার পর থেকেই মাঠের বাইরে আছেন এই ফরোয়ার্ড। চোট থাকা সত্ত্বেও ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
পূর্ণ ফিট না হওয়া সত্ত্বেও কেন নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে, তার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, "নেইমারকে দলে নেওয়ার কারণ শুধু তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতা নয়; তার দীর্ঘ অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক ভূমিকা ও উদাহরণের বিষয়টিকেও আমরা বিবেচনা করেছি।"
যুক্তরাষ্ট্রে ব্রাজিলের প্রস্তুতি ক্যাম্পে থাকলেও নেইমার এখনো বুট পরে পুরোদমে মাঠে নামতে পারেননি। রানিং শু পরে হালকা দৌড়াদৌড়ি এবং ফিজিওথেরাপির মাধ্যমেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
মরক্কো ম্যাচের পর গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে। ব্রাজিলিয়ান সমর্থকদের আশা, দ্রুতই দলীয় অনুশীলনে ফিরে পরের ম্যাচগুলোতেই মাঠ মাতাবেন নেইমার।

0 মন্তব্যসমূহ