নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী:
রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যানারে একটি আচমকা ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলের কারণে ওই সড়কে অল্প সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাস যোগে বেশ কয়েকজন ব্যক্তি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় হঠাৎ জড়ো হন। এরপর তাঁরা মহাসড়কে ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের কয়েকজনের মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা ছিল। এছাড়া কারও কারও হাতে জাতীয় পতাকাও দেখা যায়। মিছিলকারীরা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দলটির ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মাত্র দেড় থেকে দুই মিনিট স্থায়ী এই ঝটিকা মিছিলের পর অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিছিলের ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে শ্রীপুর এলাকায় কয়েকজন ব্যক্তি মাত্র দেড় থেকে দুই মিনিটের মতো একটি ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও তার আগেই মিছিলকারীরা সেখান থেকে চলে যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

0 মন্তব্যসমূহ