Ticker

6/recent/ticker-posts

গণভোটের রায় ‘বাইপাস’ করার অভিযোগ: সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

The Daily Alokbarta


জাতীয় সংসদ ভবন: গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। এই পদক্ষেপকে গণভোটের রায়ের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ ও রায়কে ‘বাইপাস’ করার চেষ্টা আখ্যা দিয়ে জাতীয় সংসদ থেকে একযোগে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

​সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদ অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কর্তৃক ‘সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি’ গঠনের প্রস্তাব উত্থাপনের পরপরই এ ঘটনা ঘটে।

​বিশেষ কমিটি গঠনের প্রস্তাব
​সংসদ অধিবেশনে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অংশ হিসেবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৭ সদস্যবিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব আনেন। এই কমিটিতে সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়।

​প্রস্তাব অনুযায়ী, ১৭ সদস্যের এই কমিটিতে বিএনপির সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টির একজন, গণসংহতি আন্দোলনের একজন, গণঅধিকার পরিষদের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, স্বতন্ত্র একজন এবং বিরোধী দলের জন্য পাঁচটি পদ রাখার সিদ্ধান্ত হয়।

​চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের সদস্যদের নাম চেয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো নাম দেয়নি। ফলে বিরোধী দলের জন্য নির্ধারিত ৫টি পদ শূন্য রেখেই আপাতত ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়।

​বিরোধী দলের তীব্র আপত্তি ও ওয়াকআউট
​চিফ হুইপের এই প্রস্তাবের পরপরই সংসদে ফ্লোর নিয়ে তীব্র প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারি দলের দাবি প্রত্যাখ্যান করে বলেন,

​"আমরা কখনো এই কমিটিতে নাম দেওয়ার আশ্বাস দিইনি এবং কনসেপচুয়ালি (ধারণাগতভাবে) এই কমিটির ভিত্তি আমরা গ্রহণ করি না।"

​বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলো গণভোটের ফল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অঙ্গীকারের ওপর ভিত্তি করেই তারা সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তিনি বলেন, প্রায় ৬৮.৬ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, তা এভাবে উপেক্ষা করা হলে ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। জনগণের এই স্পষ্ট অভিপ্রায়কে কোনোভাবেই অপমান করা উচিত নয়।

​গণভোটের রায়কে বাইপাস করার প্রতিবাদে এবং জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে রাত ৯টা ২৫ মিনিটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সকল সদস্য সংসদ কক্ষ ত্যাগ করেন

​রাজপথেও আন্দোলনের ডাক
​সংসদ থেকে ওয়াকআউট করার পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, গণভোটের রায় পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই তাদের জোরালো আন্দোলন অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ