নিজস্ব প্রতিবেদক | ঢাকা
১৪ জুলাই, ২০২৬
সারাদেশে চলমান তীব্র বৃষ্টিপাত, বন্যা ও ব্যাপক জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের দাবি উপেক্ষা করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে নেমে এসেছেন। এর মধ্যেই এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্ত্রীর করা একটি বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভের আগুন আরও উসকে গেছে।
সোমবার (১৩ জুলাই) রাতে এক পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে শিক্ষামন্ত্রীকে পরীক্ষার্থীদের উদ্দেশে বলতে শোনা যায়, “ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।”
মন্ত্রীর এমন অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন পরীক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’, এবং ব্যঙ্গাত্মক স্লোগান ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ শোনা যায়।
শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সন্ধ্যায় নিজের আইডিতে তিনি লেখেন:
“১৭ বছরের ফার্মের মুরগিদের খাঁচা থেকে বের করে মুক্তির স্বাদ দেওয়া শিক্ষার্থীদেরই বলা হচ্ছে ফার্মের মুরগি!”
ড. এহছানুল হক মিলনের উদ্দেশে তিনি আরও যোগ করেন, “যাদের ফার্মের মুরগি বলছেন তাদের বন্ধুরা শহীদ হয়েছে বলেই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।”
একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর কড়া সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘জুলাই পথযাত্রা’য় অংশ নিয়ে তিনি বলেন, “এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ মন্ত্রী হয়েছেন। শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আসতে পেরেছেন।”
সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলন ও সমালোচনার মুখে পড়ে অবশেষে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি দাবি করেন, তিনি কাউকে উদ্দেশ্য করে বা ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেননি। ব্যক্তিগত মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।
তবে দুঃখ প্রকাশের পরও আন্দোলনরত শিক্ষার্থীরা মন্ত্রীর পদত্যাগ এবং বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবিতে তাদের অবস্থানে অনড় রয়েছেন।

0 মন্তব্যসমূহ