নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে খাদ্যপণ্য, কৃষিপণ্য, সার এবং পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা এগিয়েছে। এর অংশ হিসেবে পাকিস্তান থেকে চাল, ডাল, ছোলা, ভোজ্যতেল, চিনি ও সারসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের উচ্চমানের পাট ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহ দেখিয়েছে।
সম্প্রতি ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি)-এর প্রতিনিধিদল এ বিষয়ে আলোচনা করে। বৈঠকে জানানো হয়, সরকারি পর্যায়ে খাদ্যপণ্যের বাণিজ্য সহজ করতে বাংলাদেশের টিসিবি ও পাকিস্তানের টিসিপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য সহজীকরণ, ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময় এবং কৃষি ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য রপ্তানির সুযোগ আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিধি বাড়বে এবং খাদ্য নিরাপত্তা ও শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি পাট, কৃষিপণ্য ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

0 মন্তব্যসমূহ